খুলনায় ৩০ গজের ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা

ওসি মোশারেফ হোসেন বলেন, ‘দুটি হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই সময়ে তাদের হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাদের হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

খুলনা ব্যুরো

খুলনায় মাত্র ৩০ গজের ব্যবধানে একই সময়ে দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় নগরীর লবণচরা থানার আশিবিঘা কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মনজুরুল ইসলাম (১৮) ও নাজমুল ইসলাম (১৮)।

নিহত মনজুরুল সেন্টারিং মিস্ত্রির কাজ করতেন। তিনি আশিবিঘা কালভার্ট এলাকার খোকন সানার ছেলে। নাজমুল একই এলাকার মনির হোসেনের ছেলে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশিবিঘা কালভার্ট এলাকায় ৮-১০ জন দুর্বৃত্ত মনজুরুলকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে মাত্র ৩০ গজ দূরে নাজমুলকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, লবণচরা থানা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের মধ্যে বিরোধ চলছে। এর জেরে এলাকায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে।

ওসি মোশারেফ হোসেন বলেন, ‘দুটি হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একই সময়ে তাদের হত্যা করা হয়েছে। তবে কী কারণে এবং কারা তাদের হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহলে রাজু (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হন। একই দিন রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামে মীর মামুন নামে এক যুবককে দুর্বৃত্তরা মাথায় গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।