দলের শহীদ কল্যাণ সেল থেকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছি : নাহিদ

আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারাদেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ সেল করছি। সেটার অধীনে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম
এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম |সংগৃহীত

চট্টগ্রামে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সারাদেশে যাচ্ছি এবং সবার কথা শুনছি। আমরা দলের পক্ষ থেকে একটা শহীদ কল্যাণ সেল করছি। সেটার অধীনে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। যেখানে যাচ্ছি আমরা পুনরায় সবার নাম্বারগুলো নিচ্ছি। এটি আমরা স্থানীয় একজন সংগঠকের মাধ্যমে করছি।’

রোববার (২০ জুলাই) চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে হওয়া শহীদদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা অভ্যুত্থানে ছিলাম। আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সাথে ছিলেন, সেই জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে একটি পরিবার মনে করি। আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন, গোপালগঞ্জে আমাদের সাথে কী হয়েছে। বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। আমরা আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের দোয়া আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এনসিপি’র এ শীর্ষ নেতা বলেন, ‘জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ সেটা আমরা সবসময় বলছি এবং ৩ আগস্ট সেটা নিয়ে ঢাকায় বড় প্রোগ্রাম করব। সরকার যেন এটা দেয়। সরকারও বলছে ৫ আগস্টের মধ্যে দিবে।’

তিনি বলেন, ‘আমি যখন সরকারে ছিলাম বা আমাদের পক্ষ থেকে যারা সরকারে গেছেন, আমরা জুলাই শহীদ পরিবারের বিষয়ে বিভিন্ন উদ্যোগ নেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু দেখা গেছে, সরকারের উদ্যোগগুলো মাঠপর্যায়ে তেমনভাবে পৌঁছায়নি বা পৌঁছাতে দেরি হয়েছে। কেন না প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো স্বৈরাচারের দোসররা আছেন। ফলে শহীদ পরিবারের যে সম্মান পাওয়ার কথা সেটি হয়নি বলে বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ শুনি।’

এদিকে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকালে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১ জুলাই থেকে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে এনসিপি। এর অংশ হিসেবে রোববার সকালে চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে রাঙামাটির উদ্দেশে রওনা দেয় দলটির শীর্ষ নেতারা।