চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তিনটি বিদ্যালয়। জেলার শীর্ষ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে উপজেলার এসব প্রতিষ্ঠান।
সোমবার (১০ আগস্ট) এসএসসির ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। জেলা পর্যায়ের এই তালিকায় পাকুন্দিয়ার বিদ্যালয়গুলোর অবস্থান যথাক্রমে দ্বিতীয়, সপ্তম ও দশম।
ফলাফল পর্যালোচনায় দেখা যায়, পাকুন্দিয়া উপজেলায় প্রথম এবং কিশোরগঞ্জ জেলায় দ্বিতীয় স্থান দখল করেছে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে এবার ৮৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৮৩ জনই পাস করেছে। এর মধ্যে ৩১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়টিতে পাসের হার ৯৮.৮১ শতাংশ এবং অকৃতকার্য হয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী।
উপজেলায় দ্বিতীয় এবং জেলায় সপ্তম স্থানে রয়েছে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে এ বছর ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭ জন শিক্ষার্থী। প্রতিষ্ঠানটিতে পাসের হার ৭৭.৬০ শতাংশ।
অন্যদিকে, উপজেলায় তৃতীয় এবং জেলায় ১০ম স্থান অধিকার করেছে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এ বছর ২১৬ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং পাস করে ১৩১ জন। এর মধ্যে ১৫ জন জিপিএ-৫ অর্জন করেছে। বিদ্যালয়টির পাসের হার ৬০.৬৫ শতাংশ।
জেলায় শীর্ষে থাকা অন্যান্য বিদ্যালয়গুলো হলো: আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ১ম, সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩য়, সরকারি তমিজা খাতুন বালিকা বিদ্যালয় ৪র্থ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৫ম, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় ৬ষ্ঠ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় ৮ম এবং আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ৯ম।


