নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা ও চাচই-ধানাইড় গ্রামের দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার (৩০ মে) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে চাচই-ধানাইড় গ্রামের নজরুল ইসলামের ছেলে ইব্রাহিম ও নাফিজের সঙ্গে আমডাঙ্গা গ্রামের সরোয়ার ও আলমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আমডাঙ্গা গ্রামের সরোয়ার, আলম ও জসিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
আহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায়। এ সময় চাচই-ধানাইড় গ্রামের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় পাকা, আধাপাকা ও টিনশেড ঘরসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় অনেক পরিবার বাড়িঘর ছেড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, সংঘর্ষ ও পরবর্তী হামলার ঘটনায় এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। তাদের দাবি, দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল এবং এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভাঙচুর ও লুটপাটের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



