পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুলে এসে হঠাৎ লুটিয়ে পড়ে অনুপম রায় (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সে ওই উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপাতা এলাকার রবীন্দ্রনাথ রায়ের মেয়ে এবং দেবীগঞ্জ রিভারভিউ বালিকা উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অনুপম রায় প্রতিদিনের মতো বাইসাইকেলে করে স্কুলে আসে। স্কুল প্রাঙ্গণে এসে সাইকেল থেকে নামার পরপরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘সকালে অনুপম রায় স্কুলে এসে সাইকেল থেকে নামার সাথে সাথে মাটিতে পড়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।’
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: গোপাল চন্দ্র রায় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
অনুপম রায়ের মৃত্যুর খবর পেয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক হাসপাতালে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।



