ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ত্রিশালে বাড়ির উঠানে খেলা শেষে পাশের পুকুরে কাদামাটি ধুতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতেরো পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো— সতেরো পাড়া এলাকার তরিকুল ইসলামের সাড়ে তিন বছর বয়সী ছেলে ফারহান ও আশরাফুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে মাশরাফি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে পাশাপাশি খেলছিল শিশু দুটি। খেলার একপর্যায়ে কাদামাটি পরিষ্কার করতে তারা বাড়ির পাশের পুকুরে গেলে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু দুটিকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের সন্ধান মেলে। অচেতন অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করা হয়।
পরে স্বজনরা শিশু দুটিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।



