রংপুর ব্যুরো
গণপরিবহনের ভাড়া সমন্বয় ও পুনঃনির্ধারণ এবং দোকানপাট ও শপিং মল খোলার সময় স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে রংপুর জেলা মোটর মালিক সমিতি ও জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সংগঠন দুটি পৃথকভাবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানায়।
এর আগে জেলা মোটর মালিক সমিতির সভাপতি আলী মো: শরিফুল আলম হিরু ও সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজের নেতৃত্বে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোসহারুল আজম চৌধুরী, যুগ্ম সম্পাদক মাহশিদ ফারহান জিহান, কোষাধ্যক্ষ সায়দুর রহমান, সড়ক সম্পাদক মনোয়ারুল ইসলাম মনোয়ার প্রমুখ।
সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন মালিক ও শ্রমিকরা আর্থিক সঙ্কটে পড়েছি। পরিবহনের দৈনন্দিন খরচ বৃদ্ধি পাওয়ার ফলে আগের নির্ধারিত ভাড়ায় যানবাহন পরিচালনা করা অসম্ভব। এর ফলে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে প্রায়ই অনাকাঙ্ক্ষিত বাগবিতণ্ডার ঘটনার পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। ভাড়া পুনঃনির্ধারণ করা না হলে এ পরিস্থিতি আরো চরম আকার ধারণ করবে।’
অন্যদিকে জেলা পরিষদ সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বুলবুল আহমেদের নেতৃত্বে ব্যবসায়ীরা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ করায় বিনিয়োগ নিয়ে ঝুঁকির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কর্মচারীদের বেতন তুলতে পারছেন না তারা। তাই ব্যবসার স্বার্থেই দোকানপাট খোলার সময় স্বাভাবিক করার দাবি করা হয় স্মারকলিপিতে।
রাশেদুজ্জামান বুলবুল আহমেদ বলেন, ‘সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ করলে ব্যবসা টেকানো যাবে না। অন্তত ঈদ-উল-আযহা উপলক্ষে সময়সীমা তুলে দিয়ে স্বাভাবিকভাবে ব্যবসা করার সুযোগ দিতে হবে। তা না হলে আমাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে পথে বসতে হবে।’



