বগুড়ায় ফাহিম হোসেন (১৯) নামে এক যুবকের বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বোনের স্বামীকে ছুরিকাঘাত করেন তনয় নামে এক যুবক। এ ঘটনায় গ্রেফতার হয়ে জামিনে বেরিয়ে এসে এবার ছুরিকাঘাতে ফাহিম হোসেনকে হত্যা করেন ওই তনয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে মাটিডালী বিমানমোড় এলাকায় ফাহিমকে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টায় ফাহিম মারা যান।
নিহত ফাহিম বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ও বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন। নিহত ফাহিমের বোনের স্বামী সেতু এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু জানান, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোন রিমিকে উত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করায় তিন মাস আগে তনয় সেতুকে ছুরিকাঘাত করেন। পরে মামলা করলে পুলিশ তনয়কে গ্রেফতার করে। দুই সপ্তাহ আগে তনয় জামিনে মুক্ত হয়। শনিবার সকালে ফাহিম মাটিডালী এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে মাটিডালী বিমানমোড় এলাকায় তনয় ফাহিমের পথরোধ করে বুকে ও পিঠে উপর্যুপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ফাহিমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টায় ফাহিম মারা যায়।
এদিকে হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকেলে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। এ সময় মহাসড়কে অনেক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বোনকে উত্যক্ত করার জের ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে তনয় নামের এক যুবকের নাম বলা হয়েছে। তাকে আটক করতে পুলিশ কাজ শুরু করেছে।



