ঈশ্বরগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালসহ আটক ২

রায়েরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ চেকপোস্ট বসিয়ে একটি মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, ডাব সাবান ও অলিভ অয়েল জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
জব্দকৃত ভারতীয় পণ্য, (ডানে) আটক দু্’জন
জব্দকৃত ভারতীয় পণ্য, (ডানে) আটক দু্’জন |নয়া দিগন্ত

‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল ও একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গাবরখালিয়ান এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক দু’জন হলেন— নেত্রকোনা সদর উপজেলার মালনী গ্রামের মরহুম হোসেন মিয়ার ছেলে ফেরদৌস মিয়া (৩২) ও ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারি গ্রামের সাইদুর রহমানের ছেলে মামুন হাসান অভি (৩৫)।

‎পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে চেকপোস্ট বসিয়ে একটি মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, ডাব সাবান ও অলিভ অয়েল জব্দ করা হয়।

‎পুলিশ জানায়, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৩৯০টি সিঙ্গেল পার্টের ভারতীয় কম্বল, ৮৭টি ডাবল পার্টের ভারতীয় কম্বল, ১০০ মিলি এক হাজার ৭৪০টি ডাব সাবান, ৭৫ মিলি ৪৩২টি ডাব সাবান, ৫০ মিলি ৩৬০টি ডাব সাবান ও ২০০ মিলি ৯৮৪টি অলিভ অয়েল।

এছাড়া মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মাঝারি ট্রাক ও একটি ব্যবহৃত অপ্পো মোবাইলফোন জব্দ করা হয়। পুলিশের ধারণা, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২১ লাখ ৭৯ হাজার ৮৮০ টাকা।

‎পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, নেত্রকোনা জেলার দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এসব ভারতীয় পণ্য সংগ্রহ করে শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

‎ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: আবুল কাশেম বলেন, এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরে সেই মামলায় আটক দু’জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।