আর্জেন্টিনা হেরে যাওয়ায় ভেড়ামারায় সমর্থকের আত্মহত্যা

জেমি খাতুন ভোর সাড়ে ৫টার দিকে উঠে দেখেন, তার স্বামী শয়নকক্ষের বাঁশের আড়ার সাথে লাইলনের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তার চিৎকারে পরিবারের লোকজন জড়ো হয়।

মাসুদ করিম, ভেড়ামারা (কুষ্টিয়া)

Location :

Bheramara
আর্জেন্টিনা হেরে যাওয়ায় সমর্থকের আত্মহত্যা
আর্জেন্টিনা হেরে যাওয়ায় সমর্থকের আত্মহত্যা |প্রতীকী ছবি

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় ভ্যানচালক সুমন হোসেন (৩০) নামে এক সমর্থক আত্মহত্যা করেছেন।

সোমবার (২০ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন স্বজনরা। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ভ্যানচালক সুমন হোসেন উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ চাষী ক্লাব এলাকার মো: আফজাল হোসেনের একমাত্র ছেলে।

পরিবার ও বন্ধু মহল সূত্রে জানা যায়, সুমন আর্জেন্টিনার সমর্থক ছিল। তাই আর্জেন্টিনার হার সইতে না পেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুমন।

পারিবারিক ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ভ্যানচালক সুমন হোসেন আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখে ভোর ৪টার দিকে বাসায় ফেরে। সে এই বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দিয়ে আসছিল। এ উপলক্ষে গতরাতে সে তার নিজের পক্ষ থেকে খিচুড়ি ও গোশত রান্নার আয়োজনও করেছিল। বাসায় ফিরে নিজ কক্ষের দরজা বন্ধ করে সুমন বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। সে সময় তার স্ত্রী জেমি খাতুন তাকে ঘুমিয়ে পড়তে বলে নিজেও ঘুমিয়ে যায়।

জেমি খাতুন ভোর সাড়ে ৫টার দিকে উঠে দেখেন, তার স্বামী শয়নকক্ষের বাঁশের আড়ার সাথে লাইলনের দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। তার চিৎকারে পরিবারের লোকজন জড়ো হয়। এ সময় তার চাচা শশুর রবজেল ও প্রতিবেশী আব্দুল জলিল সুমনকে রশি কেটে নামিয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের বন্ধু রিপন আলী বলেন, সুমন আর্জেন্টিনার খুব বড় ভক্ত ছিল। গতকাল রাতে সে আমাদের সবার জন্য খাওয়ারও আয়োজন করেছিল। আমরা একসাথে খেলা দেখতাম। এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

নিহতের বাবা আফজাল হোসেন বলেন, সুমন খেলা দেখে যখন বাসায় ঢোকে আমি তখন মাঠে যাচ্ছিলাম। পরে আমার ভাই রবজেল মাঠে গিয়ে আমাকে ছেলের মৃত্যুর খবর দেয়। তার পরিবারে দু’টি ছোট বাচ্চা আছে তাদের কি হবে? এটাই ভাবছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল জানান, সুমন আর্জেন্টিনার হার মেনে নিতে পারেনি। তাই অভিমানে এমনটি করেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান নয়া দিগন্তকে বলেন, শুনেছি সে আর্জেন্টিনার বড় ভক্ত ছিল। এজন্য গতকাল খাওয়া-দাওয়ার আয়োজনও করেছিল। হয়ত হতাশা থেকেই আত্মহত্যা করেছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।