বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত (শ্যালো মেশিন) ভটভটির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার থালতা মাজগ্রাম ইউনিয়নের দারিয়াপুর পালপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— দারিয়াপুর উত্তর মন্ডলপাড়ার মরহুম ইব্রাহিম মন্ডলের ছেলে আজিজার রহমান (৫৫) ও নাজিম উদ্দিন মন্ডলের ছেলে চান মিয়া ওরফে সুইট (৫০)। চাঁন মিয়া (সুইট) কৃষক ও আজিজার রহমান আনসার সদস্য ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে দামরুলের মাঠে আলুর জমি সেচ দেয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন চান মিয়া। একই পথে যাওয়ার সময় আজিজার রহমান তার মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলটি দারিয়াপুর পালপাড়ার মাঝামাঝি সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা দু’জন রাস্তায় ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আজিজার রহমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা চান মিয়াকে উদ্ধার করে দ্রুত বিজরুল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



