কাউখালীতে ভিজিএফের বরাদ্দ কমেছে, বঞ্চিত ৩১৮৫ জন

গত ঈদুল ফিতরে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ২১৭ জন পরিবার প্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ পান। অথচ এবারের ঈদুল ফিতরে বরাদ্দ পেয়েছেন মাত্র সাত হাজার ৩২ জন।

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

Location :

Pirojpur
কাউখালী উপজেলা পরিষদ কার্যালয়
কাউখালী উপজেলা পরিষদ কার্যালয় |নয়া দিগন্ত

উপকূলীয় জেলা পিরোজপুরের কাউখালীতে নদীভাঙন প্রধান এলাকায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চালের বরাদ্দ কমেছে। এতে প্রায় তিন হাজার ১৮৫ জন ঈদ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ২১৭ জন পরিবার প্রতি ১০ কেজি করে চাল বরাদ্দ পান। এতে সয়না রঘুনাথপুর ইউনিয়নে এক হাজার ৪৬৩ জন, আমরাজুরী ইউনিয়নে এক হাজার ২১০ জন, কাউখালী সদর ইউনিয়নে চার হাজার ৩৯ জন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নে এক হাজার ৯৮০ জন এবং শিয়ালকাঠী ইউনিয়নে এক হাজার ৫২৬ জন সুবিধাভোগী ঈদ উপহার হিসেবে এ সুবিধা পেয়েছিলেন। অথচ এবারের ঈদুল ফিতরে বরাদ্দ পেয়েছেন মাত্র সাত হাজার ৩২ জন। যা গত বছরের চেয়ে তিন হাজার ১৮৫ জনের বরাদ্দ কম এসেছে।

উপকূলীয় উপজেলা কাউখালীতে নদীভাঙনে ভিটেহারাসহ অতি দরিদ্র, হত দরিদ্র ও ছিন্নমূল লোকজন বসবাস করেন। উপজেলার ৬০৫টি আবাসনের প্রায় পাঁচ হাজার লোক বসবাস করেন। এছাড়াও অত্র উপজেলা চারটি নদী দিয়ে বেষ্টিত থাকায় এমনিই নদীভাঙনে প্রতিনিয়ত ভিটেমাটি হারাচ্ছে অনেক পরিবার। সব মিলিয়ে এই উপজেলায় প্রায় ১৫ হাজার অতি দরিদ্র লোক বসবাস করে।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান বলেন, ‘কাউখালী উপজেলায় নদীভাঙন এলাকা। এখানে সরকারি আবাসনে অনেক লোক বসবাস করেন। উপজেলায় দরিদ্র ও অতি দরিদ্র লোকসংখ্যা অনেক বেশি। গতবছরের চেয়ে এ বছর ঈদে ভিজিএফের চালের বরাদ্দ কম এসেছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

Topics