ঝড়ে লণ্ডভণ্ড আলমডাঙ্গার গ্রাম, মৃত্যু ১

আলমডাঙ্গায় আকস্মিক ঝড়ে এক বৃদ্ধ নিহত, বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ঝড়ে ক্ষতিগ্রস্ত আলমডাঙ্গা
ঝড়ে ক্ষতিগ্রস্ত আলমডাঙ্গা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝড়ে দেয়ালচাপায় আকমান আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় কয়েক সেকেন্ডর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় দু’টি গ্রাম।

গতকাল বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হারদি ইউনিয়নের হারদি ও উদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এতে কয়েকজন আহত হয়েছেন। তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ২০টি বাড়িঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

ঝড় ও বৃষ্টির কারণে গৃহহীন হয়ে পড়া অর্ধ-শতাধিক পরিবার দুর্ভোগে পড়েছেন।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এবং হারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু।

আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। সড়কের ওপর পড়ে থাকা গাছ ও বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নিরূপণ করা হবে।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করছেন।

এ সময় ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।