ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তিন গোয়েন্দা সদস্যের ওপর ডাকাত দলের হামলার ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে জেলা শহরের দক্ষিণ পৈরতলায় র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত র্যাব অভিযান চালিয়ে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামের মরহুম গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির (৬২), নয়ন মিয়ার ছেলে মো: রাহিম আহমেদ (২০), মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৯), হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী (১৯) ও জামাল মিয়ার স্ত্রী ছানোয়ারা বেগমকে (৪৮) আটক করে।
র্যাব-৯-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: নূরন্নবী জানান, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরে র্যাবের তিনজন গোয়েন্দা সদস্য তথ্য সংগ্রহের জন্যে যাচ্ছিল। পথে নবীনগর উপজেলার খাগাতোয়া গ্রামে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা। এসময় র্যাব সদস্যদের জিম্মি করে নিজেদের আস্তানায় নিয়ে যায়। পরে তাদেরকে আটকে রেখে মারপিট করে। এ সময় এক সদস্যের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
খবর পেয়ে র্যাবের অন্য সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্ত আসামিদের ধরতে রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালায় র্যাব। এ সময় শফিক ডাকাত পালিয়ে গেলেও র্যাব সদস্যদের উপর হামলাকারীদের মধ্যে এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়। আটকদের মধ্যে হামলাকারীদের অন্যতম আব্দুল কাদিরও রয়েছে। অভিযানে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।



