বিশ্বকাপের উত্তেজনাকে কেন্দ্র করে ঘিওরে বিএনপি নেতার ঘরে আগুন

মানিকগঞ্জের ঘিওরে পয়লা ইউনিয়নে বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে বিএনপি নেতার ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
বিশ্বকাপের উত্তেজনাকে কেন্দ্র করে ঘিওরে বিএনপি নেতার ঘরে আগুন
বিশ্বকাপের উত্তেজনাকে কেন্দ্র করে ঘিওরে বিএনপি নেতার ঘরে আগুন |নয়া দিগন্ত

মানিকগঞ্জের ঘিওরে পয়লা ইউনিয়নে বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জেরে বিএনপি নেতার ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (৮ জুলাই) এ ঘটনায় ঘিওর থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো: শহিদুল ইসলাম। সেখানে ছোট পয়লা গ্রামের জেলাল মিয়ার ছেলে মো: বুলবুল হোসেন (২৫) এবং অজ্ঞাতপরিচয়ের আরো তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে পয়লা মোড়ে প্রজেক্টরের মাধ্যমে আর্জেন্টিনা-মিশর বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনের সময় ব্রাজিলের একটি পতাকা ছেঁড়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।

এ সময় শহিদুল ইসলাম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অভিযুক্ত বুলবুল হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শহিদুল ইসলামের অভিযোগ, দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের ধোঁয়া ও তাপে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখতে পান ঘরের দরজা, জানালা ও ধান মাড়াই মেশিনে আগুন জ্বলছে। ঘর থেকে বের হতে গেলে বুঝতে পারেন বাইরে থেকে দরজার শিকল আটকে দেয়া হয়েছে। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দরজার শিকল খুলে তাকে উদ্ধার করেন।

তার দাবি, ওই রাতের ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এ আগুন দেয়া হয়েছে।

স্থানীয় পয়লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আরশেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে শহিদুল ইসলামের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে নিরাপদে উদ্ধার করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।’

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘বুধবার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’