ঢাকার ধামরাই পৌরশহরের প্রধান সড়ক মাধববাড়ী ঘাট হতে ঢুলিভিটা বাসস্ট্যান্ড পর্যন্ত সরকারি রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে বেসরকারি সংস্থা ‘নোঙর’-এর ধামরাই উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ধামরাই উপজেলা সহকারী কমিশনার কার্যালয় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘নোঙর’ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ধামরাই উপজেলা শাখার ‘নোঙর’-এর সভাপতি মো: বদরুল সরদার, সহ-সভাপতি আফরোজা সুলতানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
এ সময় উপস্থিত বক্তারা জানান, অফিস চলাকালীন এই এলাকায় কৃত্রিম যানজট সৃষ্টি হয়। অবৈধ পার্কিং এবং যত্রতত্র দোকানপাটের কারণে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিস এর মতো জরুরি গাড়িও এই রাস্তা দিয়ে পার হতে পারে না। শিক্ষার্থীরা ঠিক সময়ে ক্লাসে পৌঁছাতে পারে না।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধিদল স্থানীয় সংসদ সদস্য বরাবর স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।



