জলাবদ্ধতা নিরসনে বান্দরবানে খাল খনন কর্মসূচি শুরু

‘সরকার সাধারণ মানুষের আর্থ-সমাজিক উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশ রক্ষা ও পানি সংরক্ষণে সরকারের প্রতিশ্রুত প্রকল্পগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে কাজ করছেন।’

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
নাইক্ষ্যংছড়ি খালের খনন কর্মসূচির উদ্বোধন করছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী
নাইক্ষ্যংছড়ি খালের খনন কর্মসূচির উদ্বোধন করছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী |নয়া দিগন্ত

পানি ও পরিবেশ সংরক্ষণ, সেইসাথে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে বান্দরবানে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। প্রশাসনের সহযোগিতায় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ জেলার নাইক্ষ্যংছড়ি খালটি খনন করার কাজ শুরু হয়েছে।

সোমবার (৪ মে) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইক্ষ্যংছড়ি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোজাম্মেল হক, জেলা বিএনপির সিনিয়র সদস্য সাচ প্রু চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেন, ‘সরকার সাধারণ মানুষের আর্থ-সমাজিক উন্নয়নে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। পরিবেশ রক্ষা ও পানি সংরক্ষণে সরকারের প্রতিশ্রুত প্রকল্পগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘পাহাড়ে পানি সঙ্কট নিরসন ও বন্যার সময় জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে সমতল এলাকার মতো পাহাড়েও খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। সেইসাথে দুর্গম এলাকায় বিভিন্ন বাস্তবমুখী প্রকল্পের মাধ্যমে সেখানেও পানি সংরক্ষণ করার উদ্যোগ নেয়া হয়েছে। এক কোটি ১২ লাখ টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের সহযোগিতায় আড়াই কিলোমিটার দীর্ঘ নাইক্ষ্যংছড়ি খালটি খনন প্রকল্প বাস্তবায়ন করছে।’