কুমিল্লার চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রবিউল আলম ও রোকসানা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
এর আগে, বুধবার বিকেলে চৌদ্দগ্রাম পৌর এলাকার গোমারবাড়ি পূর্বপাড়ায় মাদক কারবারি রিপন হোসেনের বসতঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে চৌদ্দগ্রাম পৌর এলাকার গোমারবাড়ী পূর্বপাড়া জনৈক রিপন হোসেনের বসতবাড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে মজুদ শেষে মাদক কারবারিরা অবস্থান করছে।
বুধবার বিকেলে র্যাব ও বিজিবির যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি বুঝতে পেরে বসতঘর থেকে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে রিপনের স্ত্রী রোকসানা আক্তার ও জসিম উদ্দিনের ছেলে মাদক কারবারি রবিউল আলমকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে রিপন হোসেনের ঘর থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রোকসানা আক্তারের স্বামী মাদক কারবারি রিপন হোসেন পলাতক রয়েছেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রিপন-রোকসানা দম্পতির ঘরে মজুদ করে। পরে রবিউল আলমের সহায়তায় বিভিন্ন মাদকসেবী ও মাদক কারবারির কাছে চড়া মূল্যে বিক্রি করে আসছে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, ৭০ কেজি গাঁজাসহ আটক দুইজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা দায়ের হয়েছে। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।



