বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেয়ায় একটি মাদরাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) থেকে দু’দিন ধরে গুলিশাখালী ফাজিল মাদরাসার নতুন ভবন নির্মাণ কাজ বন্ধ রয়েছে। মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দু বারী স্থানীয়দের বাধায় ভবন নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদরাসার অধ্যক্ষ বলেন, ‘তার মাদরাসায় চার তলার ভীতসহ একটি একতলা ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে এক কোটি ৩৭ লাখ ৮৩ হাজার টাকা ব্যায়ে ভবনটি নির্মাণের কাজ এক বছরের মধ্যে শেষ হবার কথা রয়েছে।’
ভবনটি নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স শেখ ওসমান আলীর পরিচালক এসএম বদিউজ্জামান খোকন বলেন, ‘বিএনপি নেতা হাফিজুর রহমান দুই লাখ টাকা চাঁদা দাবি করেছেন। সেই টাকা দিতে না পারায় কাজ বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে থানায়ও লিখিত অভিযোগ করা হয়েছে।’
অপরদিকে বিএনপি নেতা হাফিজুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন, ‘ব্যাপক অনিয়ম ও নিম্নমানের উপকরণ, বালু, সিমেন্ট, খোয়া পাথর, ও রড ব্যবহারে অনিয়ম পাওয়ার কারণে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। চাঁদার জন্য নয়।
মোরলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে



