বাউফলে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবি, দুই লাশ উদ্ধার

নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মো. আলী ফকিরের ছেলে মো. নাসির ফকির (৩৬) এবং নলুয়া গ্রামের আজাদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৫)। তারা দুজনই তরমুজ পরিবহনের কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Bauphal
বাউফলের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিস সদস্যরা
বাউফলের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে উদ্ধার অভিযান চালান ফায়ার সার্ভিস সদস্যরা |সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে আওলাদ-৭ নামের একটি লঞ্চের ধাক্কায় তরমুজবাহী ট্রলার ডুবে দুই জন নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লঞ্চঘাট এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে লাশ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন রাঙ্গাবালী উপজেলার চরবেস্টিন গ্রামের মো. আলী ফকিরের ছেলে মো. নাসির ফকির (৩৬) এবং নলুয়া গ্রামের আজাদ হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (৩৫)। তারা দুজনই তরমুজ পরিবহনের কাজে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে তরমুজবোঝাই একটি ট্রলার ঢাকার উদ্দেশে রওনা দেয়। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ট্রলারটি বামনিকাঠী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারের ভেতরের ছোট কেবিনে ঘুমিয়ে ছিলেন রেজাউল ও নাসির। আকস্মিক দুর্ঘটনায় তারা কেবিন থেকে বের হতে পারেননি। তবে ট্রলারে থাকা অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচেন।

জানা গেছে, ট্রলারটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন কেবিনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার সময় কেবিনে থাকা তিনজনের মধ্যে একজন বের হতে সক্ষম হলেও বাকি দুইজন বের হতে না পেরে ভেতরেই আটকা পড়েন। পরে তারা পানির নিচে নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে লোহালিয়া নদীতে ঘন কুয়াশা ছিল। এ কারণে ট্রলারটি লঞ্চের সুকানির চোখে না পড়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের পটুয়াখালীর টিম লিডার মুজিবুর রহমান বলেন, কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে লোহালিয়া নদী থেকে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়।

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, রাতের বেলায় আওলাদ-৭ লঞ্চ ও তরমুজের ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে।