জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সাথে বাসের সংঘর্ষে আব্দুল হামিদ (২৩) নামে এক ট্রাকচালকের সহকারীর নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের টাটকপুর বেলডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ (২৩) বগুড়া জেলার শাহজাদপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামের রাসেল মণ্ডলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলডাঙা মোড়ে পরিবহন দুটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকচালক ও তার সহকারী চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, আব্দুল হামিদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ও মাথায় গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হতে পারে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে।



