নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির দলীয় কর্মসূচিতে তালিকায় কার নাম আগে-পরে থাকবে— এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আজহার উদ্দিন (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাঞ্চন পৌরসভার নরাবো এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন— এমরাত হোসেন, রিপন ও সবুজ।
নিহত আজাহার উদ্দিন কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে।
ঘটনার বিবরণে জানা যায়, শনিবারের (৩১ জানুয়ারি) এক দলীয় কর্মসূচি সফল করতে শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিএনপি কার্যালয়ে অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৈঠকে বসেন। বৈঠকেই কর্মসূচির তালিকায় নামের ক্রমিক নাম্বার নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজিবের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
কথাকাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এ সময় যুবদলকর্মী রাজিবের সহযোগী হাসান ও কয়েকজন মিলে সবুজ, আজাহার, রিপন ও এমরাতের ওপর হামলা চালায়। হামলার সময় আজাহারকে ঘুষি মারলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। আহত আজাহারকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজাহারের স্বজনরা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।’



