দীর্ঘদিন জনসমুখের বাইরে থাকার পর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রকাশ্যে দেখা গেছে। তার সাম্প্রতিক কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার প্রবাসী ফটোসাংবাদিক নেহের সিদ্দিকী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে শামীম ওসমানের একটি ছবি প্রকাশ করেন। ছবিতে নিউইয়র্কের একটি নদীর তীরে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। ছবিটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে আরো একটি ছবিতে শামীম ওসমানকে যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগ সংশ্লিষ্ট কয়েকজন নেতাকর্মীর সাথে দেখা যায়। ওই ছবিতে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ অন্যদের উপস্থিতি লক্ষ করা যায়।
ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন প্রকাশ্যে না থাকায় তার অবস্থান নিয়ে নতুন করে নানা জল্পনা-কল্পনারও সৃষ্টি হয়েছে।
তবে শামীম ওসমান কবে যুক্তরাষ্ট্রে গেছেন, কী উদ্দেশ্যে সেখানে অবস্থান করছেন কিংবা বর্তমানে তার অবস্থান সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তার বা তার ঘনিষ্ঠদের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপনে সপরিবারে দেশ ছাড়েন শামীম ওসমান। এরপর থেকে তার অবস্থান নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা চললেও তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।



