ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেছেন, ‘বর্তমান বাংলাদেশের গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট দ্রুত সমাধানের জন্য সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অতীতের ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দেশের লুটপাট করে সব ধ্বংস করে দিয়েছে। সেই ভোগান্তি এখন জনগণকে পোহাতে হচ্ছে। ’
শনিবার (১৫ আগস্ট) বিকেলে জেলার পরশুরাম অডিটোরিয়ামে বর্ণমালা পাঠশালা ও পরশুরাম কলেজিয়েট স্কুলে আয়োজিত আলোকিত পরশুরাম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি মজনু বলেন, ‘যারা বৃত্তি পেয়েছ, তোমরা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তোমাদের সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতে আরো অনেক শিক্ষার্থীকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং আমাদের দেশকে আরো সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।’
তিনি বলেন, ‘ফেনীর বন্যা সমস্যা সমাধানে এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে মুহুরী কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মাসে এই প্রকল্পের উদ্বোধন করবেন। ’
পরশুরামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ কৃতি শিক্ষার্থীকে পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে আলোকিত পরশুরাম বৃত্তি পরীক্ষার আয়োজক কমিটি।
আয়োজকরা জানায়, ২০২৫ সালে অনুষ্ঠিত পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১৫৭টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩৬৬ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় মেধার ভিত্তিতে সেরা ১০ জন শিক্ষার্থীকে সনদপত্র, স্কুল ব্যাগ ও ফলজ চারা গাছ এবং নগদ টাকা দেয়া হয়। ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী ৩৪ জনকে এবং সাধারণ গ্রেডে ২০৬ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এমপি রফিকুল আলম মজনুর পক্ষ থেকে ১০ জন সেরা মেধাবী শিক্ষার্থীর অভিভাবককে পাঁচ হাজার টাকা করে ৫০ হাজার টাকা উপহার দেয়া হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক মো: ওমর ফারুক জিন্নাহর সভাপতিত্বে বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান মো: মহি উদ্দিনের ব্যবস্থাপনায় ও মামুনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশরাফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, যুগ্ম আহ্বায়ক আ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, পরশুরাম সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, পরশুরাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন মজুমদার, পরশুরাম প্রেস ক্লাব সভাপতি এম এ হাসান।



