গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৩ নম্বর কামারদহ ইউনিয়নকে প্রস্তাবিত মহিমাগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার ফাসিতলা এলাকায় ঢাকা–রংপুর মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অবরোধের ফলে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ শামীম কায়সার লিংকন।
তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের দাবি সংশ্লিষ্ট মহলে উপস্থাপন ও বিষয়টি সমাধানের আশ্বাস দেন।
এ সময় এমপির আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
স্থানীয়দের দাবি, কামারদহ ইউনিয়নকে জোরপূর্বক অন্য উপজেলায় অন্তর্ভুক্ত করা হলে এলাকার উন্নয়ন ও সেবাপ্রাপ্তিতে বিঘ্ন ঘটতে পারে। তাই তারা এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান।



