চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা
চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে কতিপয় শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করতে না পারায় হামলা ও ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে পরীক্ষা শেষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ হামলায় কলেজ কমিটির সভাপতি হুমায়ুন কবির শিকদার ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ।
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করতে না দেয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তিনি বলেন, আইসিটি পরীক্ষায় চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়ের পরীক্ষার্থীরা অসদুপায়ের সুযোগ না পেয়ে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে হামলা-ভাঙচুর করেছে।
এই পরীক্ষাকেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরীক্ষায় অংশ নেয়া ৮৮৪ পরীক্ষার্থী বের হয়ে যায়। ১টা ১৫ মিনিটের সময় পরীক্ষায় অংশ নেয়া প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী কলেজের প্রধান গেটে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিয়ে কলেজ প্রাঙ্গণে ইটপাটকেল ছুড়তে থাকে।
পরে উত্তর-পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষের অফিসের পেছন থেকে জানালার গ্লাস ভাঙচুর করে।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও’র সহযোগিতায় পোস্ট অফিসে পৌঁছে দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ এইচএসসি পরীক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষার প্রশ্নপত্র অধিকাংশ ছাত্র-ছাত্রীর কমন না পড়ায় এবং পরীক্ষার হলের কক্ষ পরিদর্শক কর্তৃক কোনো সহযোগিতা না পাওয়ায় পরীক্ষা শেষে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা কলেজটিতে ভাঙচুর করে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, ‘প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরীক্ষা শেষে জড়ো হয়ে পরীক্ষার্থীরা একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।’
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, একদল পরীক্ষার্থী চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে হামলা চালাচ্ছে মর্মে খবর শুনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে। ব্যর্থ হয়ে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, মামলা হলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



