পাবনার বেড়া উপজেলায় বেশি দামে জ্বালানি তেল বিক্রি করার অপরাধে নূর আলম নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান উপজেলার নাকালিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি রোধে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির করায় ব্যবসায়ী নূর আলমকে হাতনাতে ধরে ফেলেন। এ সময় অন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করে। তাৎক্ষণিক টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



