চুয়াডাঙ্গার দামুড়হুদায় অস্ত্রের মুখে জিম্মি করে কাভার্ড ভ্যান থেকে কোটি টাকা মূল্যের চুল ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতার দু’জন হলেন— দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বকুল হোসেনের ছেলে কাভার্ড ভ্যানচালক শহিদুল ইসলাম (৪৭) ও কানাইডাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে একটি চুল কারখানার ম্যানেজার সানোয়ার হোসেন সান্টু (৩৯)। তাদের রোববার (২৩ আগস্ট) রাতে গ্রেফতার করা হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, চুল ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী শহিদুল ইসলাম থানায় মামলা করেছেন। ওই মামলায় দু’জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা-দামুড়হুদা আঞ্চলিক মহাসড়কের কোষাঘাটা এলাকায় দেশীয় অস্ত্রের মুখে কাভার্ড ভ্যান থামিয়ে চালক ও সংশ্লিষ্টদের জিম্মি করা হয়। পরে কাভার্ড ভ্যান থেকে কোটি টাকা মূল্যের চুল নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযান চালিয়ে চুলগুলো জব্দ করার পাশাপাশি দু’জনকে গ্রেফতার করে।



