নীলফামারীর সৈয়দপুরে সকালে হাসপাতালে সন্তান প্রসব করে দুপুরে পরীক্ষা কেন্দ্রে এসে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন উম্মি নামে এক উদ্যমী পরীক্ষার্থী ৷
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন তিনি ।
উম্মি শহরের গোলাহাট এলাকার আজাহার আলীর মেয়ে ও কয়া গোলাহাট কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
জানা যায়, বৃহস্পতিবার সমাজ বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকালের দিকে উম্মির প্রসব ব্যথা শুরু হয়। পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি সন্তান প্রসব করেন। পরে দুপুরের দিকে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের কেন্দ্র সচিবকে বিষয়টি জানিয়ে শারীরিক অসুস্থতা নিয়েই এসে পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে কেন্দ্রের সচিব সেই পরীক্ষার্থীর নবজাতক সন্তানকে উপহার সামগ্রী দেন।
সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো: শাহীদ শাহাব বলেন, আজকে একজন পরীক্ষার্থী সকালে হাসপাতালে সন্তান প্রসব করেন। পরে দুপুরে তিনি পরীক্ষায় অংশ নেবেন সেটি আমাদের জানালে আমরা তার পরীক্ষা নিয়েছি । সেইসাথে পরীক্ষা শেষে তার নবজাতক সন্তানকে আমাদের পক্ষ থেকে উপহার দেয়া হয়েছে।



