নাটোরের লালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড সক্রিয় হয়ে উঠছে। উপজেলার গোপালপুরসহ বিভিন্ন এলাকায় রাতের আঁধারে দেয়াল লিখনের মাধ্যমে যুবলীগের কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম উজ্জলের মুক্তির দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় দেয়াল লিখন চোখে পড়ে। এসব লেখায় উজ্জলের মুক্তির দাবি তুলে ধরা হয়। এলাকাবাসীর ভাষ্য, গভীর রাতে এসব দেয়াল লিখন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লালপুর থানার ওসি মজিবর রহমান এ ব্যাপারে বলেন, বিষয়টি আমাদের নজরে আসেনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত বছরের ১১ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশ পুলিশ আরিফুল ইসলাম উজ্জলকে গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকে তার মুক্তির দাবিতে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক কর্মসূচি ও প্রচারণা লক্ষ্য করা গেছে।



