দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তসলিম হক নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বেলতলী বাজারের বিন্যাকুড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর তসলিম হক চিরিরবন্দর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ব্যাংকেরহাট এলাকার মহসিন আলী বুলুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তসলিম হক বেলতলী বাজার থেকে ওষুধ কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে পেছন দিক থেকে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি সড়ক দুর্ঘটনার মামলা করা হয়েছে।



