পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ ১৩ মণ ফাইসা মাছের রেণু পাচারকালে সাত পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। রোববার (১০ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর রাঙ্গাবালী থেকে বাগেরহাটের রামপালগামী একটি নৌযান অনুসরণ করে নেছারাবাদ কোস্টগার্ড টিম অভিযান চালায়। গত শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বড়মাছুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় তাদের আটক করা হয়। অভিযানে ১৩ মণ ওজনের দুই লাখ ৫০ হাজার পিস ফাইসা ও বাটা মাছের রেণু জব্দ করা হয়। যার বাজার মূল্য পাঁচ থেকে ছয় লাখ টাকা।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথের ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় দাকোপা গ্রামের অহিদুজ্জামানের ছেলে মো: রেজওয়ান (৩৮), মো: রেদওয়ান(২৮), দেলোটি পাইকগাছা গ্রামের মো: নজরুল ইসলামর ছেলে মো: মুস্তাঈন (৩৫), দাকোপা গড়খালী বটবুনিয়া গ্রামের মো: ইদ্রিস গাজীর ছেলে মো: জাকির গাজী (৪১), দাকোপা গড়কালী গ্রামের মো: মোকসেদ সরদারের ছেলে মো: সিরাজ সরদার (৫৮), পাইকপাড়া দেলোটি গ্রামের মো: শুকুর আলী শেখের ছেলে মো: তুহিন শেখ (২৬) এবং একই এলাকার মো: হাফিজুল ইসলামের ছেলে মো: পলাশকে (৪০) ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
নেছারাবাদ কোস্টগার্ড পেটি অফিসার শামীম পারভেজ জানান, সাজাপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দ করা রেণু পোনাগুলো জনসম্মুখে বলেশ্বর নদীতে অবমুক্ত করা হয়েছে।
দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।



