ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯

ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার |নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি নোহা মাইক্রোবাস এবং ডিবির পোশাক, হ্যান্ডকাফসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি সাইদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটের দিকে আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে জয় রেস্তোরাঁর পার্কিং এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পূর্ব দেলুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে শামীম রেজা (৩০), একই জেলার চৌহালী থানার শৈলজানা গ্রামের মৃত মোকশেদ বেপারীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৫০), বগুড়ার শেরপুর থানার সদর হাসড়া গ্রামের রজিব হোসেনের ছেলে মো. রাশেদ (৩৮), বরিশালের উজিরপুর থানার কাজীরা গ্রামের সাহেব আলী শেখের ছেলে পলাশ শেখ ওরফে আপন ওরফে আফজাল (৩৮), পাবনা সদর থানার বলরামপুর গ্রামের মো. জয়নালের ছেলে মো. কামাল হোসেন (৪৫), নড়াইলের কালিয়া থানার বড়নল গ্রামের মৃত আ. হালিমের ছেলে মো. সোহাগ ওরফে আবদুল্লাহ (৪২), ঢাকার সাভারের কাতলাপুর গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে মো. কামরুল হোসেন (৫৪), কুষ্টিয়ার মিরপুর থানার সদরপুর গ্রামের মৃত সানোয়ার হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম (৪০) এবং নরসিংদীর বেলাবো থানার ছলাবাদ গ্রামের মৃত আবদুল আলীর ছেলে মো. রাসেল (৩৫)।

এদের মধ্যে গ্রেফতার শামীমের বিরুদ্ধে দুটি ডাকাতির মামলা, জাহাঙ্গীরের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা, রাশেদের বিরুদ্ধে চারটি ডাকাতিসহ মোট সাতটি মামলা, পলাশ শেখের বিরুদ্ধে পাঁচটি ডাকাতিসহ মোট ছয়টি মামলা, কামালের বিরুদ্ধে দুটি মামলা, সোহাগের বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের অভিযোগে মোট চারটি এবং কামরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি নীল রঙের নোহা মাইক্রোবাস, ‘ডিবি’ লেখা তিনটি জ্যাকেট, একটি হ্যান্ডকাফ, দুটি খেলনা পিস্তল, দুটি ইলেকট্রিক শক ডিভাইস, তিনটি স্টিলের সুইচ গিয়ার ছুরি এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ডিবি ও র‍্যাব সদস্য পরিচয়ে ডাকাতির কথা স্বীকার করেছে।

ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, ‘চক্রটির সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরো একটি মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে ডিবি পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’