খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে স্থায়ী খেলার মাঠ নির্মাণ করা হবে। একই সাথে উপজেলা পর্যায়ে চলমান মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুরের সখিপুরের হাবিবউল্লা কলেজ মাঠে শরীয়তপুর হাবিব স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘হাবিবউল্লাহ চোকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে দেশের তরুণ ও যুবসমাজকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে উঠবে বলে আমরা মনে করি।”
তিনি আরো বলেন, “মাঠের অভাবে যেন কোনো ছেলে-মেয়ে খেলাধুলা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।”
শরীয়তপুর হাবিব স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এসএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ।
বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার এ কে এম নাসিরউদ্দিন কালু, জেলা প্রশাসক তাহমিনা বেগম, পুলিশ সুপার রওনক জাহান এবং ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক।



