নারী বিপিএলের প্রথম আসর উদ্বোধন হতে যাচ্ছে বগুড়ায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নারী সংস্করণ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
নারী বিপিএলের প্রথম আসর উদ্বোধন হতে যাচ্ছে বগুড়ায়
নারী বিপিএলের প্রথম আসর উদ্বোধন হতে যাচ্ছে বগুড়ায় |নয়া দিগন্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নারী সংস্করণ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে। নারী বিপিএলের উদ্বোধন উপলক্ষে বর্তমানে এ স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিসিবি সূত্রে নারী বিপিএল সম্পর্কিত এসব তথ্য জানা যায়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সূত্র জানায়, আগামী ৪ এপ্রিল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে নারী বিপিএলের প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে। পরে বগুড়াসহ দেশের তিনটি ভেন্যুতে এ টুর্নামেন্টের ৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বগুড়া ও চট্রগ্রামে তিনটি করে ছয়টি ম্যাচ হবে। এ দুই ভেন্যুর চ্যাম্পিয়ান দুটি দল ঢাকায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে।

টি-টুয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টে মোট তিনটি দল অংশ নিচ্ছে। ফ্রাঞ্চাইজি নির্ধারণ না হওয়ায় এখনো দলগুলোর নাম জানাতে পারেনি বিসিবি। তবে, টুর্নামেন্টের প্রাথমিক ফিক্সচার প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফিক্সচার অনুযায়ী ৪, ৫ ও ৬ এপ্রিল টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচ হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। ৯, ১০ ও ১১ এপ্রিল পরের তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের এম এ আজিজ ষ্টেডিয়ামে। এরপর ১৪ এপ্রিল রাজধানীর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আবহাওয়া জনিত কারণে ফাইনাল খেলা নির্ধারিত দিনে সম্ভব না হলে ১৫ এপ্রিল রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে।

শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, নারী বিপিএল উপলক্ষে মাঠ প্রস্তুত করা হচ্ছে। বিসিবির চাহিদামতো উইকেট তৈরিতে গ্রাউন্ড’সম্যানরা নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে বিসিবি।

জানা গেছে, নারী বিপিএলে দেশের নামি-দামি নারী ক্রিকেটারের পাশাপাশি প্রতিটি দলে বেশ কিছুসংখ্যক বিদেশী তারকা ক্রিকেটারকে দেখা যাবে। প্রতিটি ম্যাচ টেলিভিশনে লাইভ সম্প্রচারের পাশাপাশি দর্শকদের জন্য টিকিটের ব্যবস্থা রাখা হবে। তবে এখনো টিকিটের মূল্যের বিষয়ে কোনো ঘোষণা দেয়নি বিসিবি।

এদিকে, প্রথম নারী বিপিএল বগুড়ায় আয়োজনের খবরে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। দীর্ঘদিন আন্তর্জাতিক ম্যাচ না হওয়ায় নারী বিপিএলের পাশাপাশি বগুড়ায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও দাবি জানান।