কুড়িগ্রামের রৌমারীতে আগুনে পুড়ে গেছে তিনটি বসতবাড়ি। এতে সর্বশান্ত হয়ে গেছে পরিবারগুলো।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, আমবাড়ি গ্রামের ছমিজ্জামালের গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গরুর মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে পাশের খড়ের স্তূপে আগুন লাগে। বাতাসে ফলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ির আনিছুর, সহিদা ও ছাদের আলীর ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের পৌঁছায়। তবে ভালো সড়ক না থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি দেরিতে পৌঁছায়। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।
আগুনে তিনটি পরিবারের চারটি রান্নাঘর, তিনটি শোবার ঘর ও তিনটি গোয়ালঘর পুড়ে যায়। আগুনে অসংখ্য হাঁস-মুরগি, প্রায় ২০ মণ ধান, নগদ পাঁচ লাখ টাকা, আটটি ছাগল এবং তিনটি গরু দগ্ধ হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
একজন ক্ষতিগ্রস্ত সদস্য কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। কিছুই বাঁচাতে পারলাম না। এখন সন্তানদের নিয়ে কোথায় থাকব, কী খাব—কিছুই জানি না।’
স্থানীয়দের অভিযোগ, শুধু আমবাড়ি গ্রাম নয়—রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নের বহু গ্রামে এখনো ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের উপযোগী রাস্তা নেই। ফলে আগুনের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি ত্রাণ সহায়তা কামনা করেছেন তারা।



