গণতান্ত্রিক লক্ষ্য অর্জনে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য। যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় বা যেতে চায়, তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার পথ অনুসরণ করে তারেক রহমান শহীদ জিয়ার রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করেছেন। রাজপথের আপসহীন সংগ্রাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সামাজিক কর্মকাণ্ড এবং দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র মেরামতের রূপরেখা প্রণয়নের মধ্য দিয়েই প্রমাণিত হয়েছে, তিনি একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক।’
তিনি আরো বলেন, ‘রাজনীতি শুধু ক্ষমতা ভোগের নয়, ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া। তাদের কর্মকাণ্ডের মাধ্যমেই নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সেটিই করে দেখিয়েছেন।’
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর আসন্ন বরিশাল সফর নিয়ে জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মূল কেন্দ্রবিন্দু বৃক্ষরোপণ হলেও, সফরকালে তিনি দলের নীতিনির্ধারক এবং দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সাথে এই অঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের এই বরিশাল আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গুরুত্বপূর্ণ এই সফরের জন্য বরিশালকে বেছে নেয়ায় আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো: মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী কমিটির আহ্বায়ক অধ্যাপক মো: লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে, মন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে প্রশাসনিক ভবনের সামনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও শাখা ছাত্রদলের নেতারা। পরে দুপুর ১২টার দিকে মন্ত্রী ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।



