মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো— আলম (১৬) ও কালু মিয়া (১৬)। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের নাম সোনা মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে দড়গ্রাম এলাকা থেকে একটি কংক্রিটবোঝাই ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী আলম ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর দুই আরোহীকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে কালু মিয়ার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক সোনা মিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় এনেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



