গোবিন্দগঞ্জে ঝড়ে ২ শতাধিক ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি

রোববার রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জের এ দুটি ইউনিয়নে আকস্মিক কালবৈশাখী ঝড় আঘাত হানে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে রাজাহার ও শাখাহার ইউনিয়নের দুই শতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জের এ দুটি ইউনিয়নে আকস্মিক ঝড় আঘাত হানে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের সাথে ভারী বর্ষণের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি আলুর ক্ষেতের বড় ধরনের ক্ষতি হয়েছে। ১০ থেকে ১২ হেক্টর জমির আলু নষ্ট হয়ে গেছে বলে কৃষকরা জানিয়েছেন। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি স্বীকার করেছেন।

এছাড়াও ঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে উপজেলার বিভিন্ন এলাকায় শাক-সবজির আবাদও ক্ষতির কবলে পড়েছে। এতে করে অনেক কৃষক আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন।

এ সময় ভারী বৃষ্টির কারণে এলাকার কয়েকটি ইটভাটাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

পরিস্থিতি মোকাবেলায় গাইবান্ধা জেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা প্রশাসক জানান, যেসব পরিবারের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয়ের জন্য স্থানীয় স্কুলগুলোতে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে তাদের সহায়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।