শনিবার নিজ জন্মভূমি কুলাউড়ায় আসছেন জামায়াত আমির

‘জামায়াত ক্ষমতায় গেলে কুলাউড়াবাসীর ৫২ বছরের উন্নয়ন বঞ্চনার অবসান হবে। তাই কুলাউড়াবাসীর প্রতি জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
সাংবাদিকদের সাথে মৌলভীবাজার জামায়াতের মতবিনিময় সভা
সাংবাদিকদের সাথে মৌলভীবাজার জামায়াতের মতবিনিময় সভা |নয়া দিগন্ত

নির্বাচনী জনসভায় যোগ দিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ জন্মভূমি কুলাউড়ায় আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা: শফিকুর রহমান। এদিন দুপুর ১২টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ জোহর বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে কুলাউড়ায় স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের নিয়ে মতবিনিময় সভায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো: সায়েদ আলী এ কথা বলেন।

তিনি বলেন, ‘কেন্দ্রীয় জামায়াতের আমির ও কুলাউড়ার কৃতী সন্তান ডা: শফিকুর রহমান ৭ ফেব্রুয়ারি কুলাউড়ায় আসছেন। ১২ তারিখের নির্বাচনে প্রধানমন্ত্রী পাবে কুলাউড়া। ফলে বিগত ৫২ বছরের বঞ্চিত কুলাউড়াবাসী পাবে উন্নয়ন। অগ্রাধিকার ও ইনসাফের ভিত্তিতে এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।’

তিনি আরো বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে কুলাউড়াবাসীর ৫২ বছরের উন্নয়ন বঞ্চনার অবসান হবে। তাই কুলাউড়াবাসীর প্রতি জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।’

মৌলভীবাজার জেলা সেক্রেটারি মো: ইয়ামীর আলীর উপস্থাপনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, মৌলভীবাজার জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া, জেলা কর্মপরিষদের সদস্য আবদুল কুদ্দুস নোমান, বাংলাদেশ খেলাফত মজলিশ, কুলাউড়া উপজেলার সভাপতি প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমদ, জাতীয় নাগরিক পার্টি, কুলাউড়া উপজেলার সভাপতি মো: ফারুক উদ্দিন আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশ, কুলাউড়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুস শাকুর, এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব শাহ আলম সরকার, কুলাউড়া উপজেলা জামায়াতের আমির আব্দুল মুনতাজিম, নায়েবে আমির মো: জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জাহিদ রুমেল প্রমুখ।