নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

রবির মৃত্যুদণ্ডের রায় শুনে আদালতে উপস্থিত শিশু জান্নাতুলের বাবা মফিজুর রহমান ও মা লাবনী খানম সন্তোষ প্রকাশ করে ফাঁসির আদেশ দ্রুত কার্যকরের কথা বলেন।

নড়াইল প্রতিনিধি

Location :

Narail
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রবিউল সিকদার রবি
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রবিউল সিকদার রবি |নয়া দিগন্ত

নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি রবিউল সিকদার রবির (৩৭) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ আদেশ দেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম। মাত্র নয় কার্যদিবসে এ মামলার রায় ঘোষণা করা হয়।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি ছিলেন। নিহত জান্নাতুল দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

এদিকে, রবির মৃত্যুদণ্ডের রায় শুনে আদালতে উপস্থিত শিশু জান্নাতুলের বাবা মফিজুর রহমান ও মা লাবনী খানম সন্তোষ প্রকাশ করে ফাঁসির আদেশ দ্রুত কার্যকরের কথা বলেন।

নড়াইল জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, মাত্র নয় কার্যদিবসে এ মামলার রায় ঘোষণা করা হয়। এদিকে, গত ৪ আগস্ট মাত্র ১১ কার্যদিবসে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু। মৃত্যুদণ্ডের আদেশে বাদিপক্ষ ন্যায়বিচার পেয়েছে। আশা করছি রায় দ্রুত কার্যকর হবে। এ মামলায় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তবে লিগ্যাল এইড থেকে একজন আইনজীবী নিযুক্ত করা হয়।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের প্রতিবেশী ও ফুফাতো ভাই রবির বিরুদ্ধে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া যায়। ঘটনার পর রবি পালিয়ে গেলেও পরেরদিন সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। এ ঘটনায় ২১ জুলাই জান্নাতুলের বাবা মফিজুর রবিকে আসামি করে সদর থানায় মামলা করেন।