জামায়াত ক্ষমতায় আসলে চেলা নদীতে ত্রিমাত্রিক সেতু নির্মাণ করা হবে : আব্দুস সালাম আল মাদানী

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
গণমিছিল
গণমিছিল |নয়া দিগন্ত

সুনামগঞ্জ-৫ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলছেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীতে পূর্বচাইরগাঁও-সোনাপুর-সারপিনপাড়া এলাকায় ত্রিমাত্রিক সেতু নির্মাণ করা হবে।’

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে প্রায় দুই শতাধিক কর্মী-সমর্থক নিয়ে স্থানীয় নরসিংপুর বাজারে আয়োজিত গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নরসিংপুর বাজারে মিছিলে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা প্রমাণ করে আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট নির্বাচিত করতে এ গণজোয়ার উঠেছে।’

তিনি আরো বলেন, ‘সুনামগঞ্জ-৫ আসনের মানুষজন অনেক অবহেলিত। স্বাধীনতার ৫৪ বছরেও এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা দূরীকরণে কেউ কাজ করেনি।’

তিনি প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করবেন। ছাতক ও দোয়ারাবাজার দুই উপজেলার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আধুনিক দু’টি হাসপাতাল নির্মাণ করা হবে। এলাকা থেকে সব অনিয়ম-দুর্নীতি বন্ধ করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাসহ এলাকার মানুষদের সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী সব ধরনের রাষ্ট্রীয় সেবা প্রদান নিশ্চিত করবেন।’

ইউনিয়ন জামায়াতের আমির আতাউর রহমানের সভাপতিত্বে এবং আলাউর রহমান আলাল ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রফিকুর রহমানের সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সাদিক সালিম, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমির ডা: হারুনুর রশিদ, ইউকে প্রবাসী কমিউনিটির নেতা আব্দুল কুদ্দুস, সিলেট কোতোয়ালি থানা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ও সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

উল্লেখ্য, সভা চলাকালীন সময়ে নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাহফুজসহ বিএনপি ও অন্যান্য দল থেকে অর্ধশত নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।