কক্সবাজারের চকরিয়ায় অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চকরিয়া থানা পুলিশ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে গত এক মাসে ২২৯ জন অপরাধীকে গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পুলিশের মিডিয়া সেলে এ তথ্য প্রদান করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, চলতি বছরের আগস্ট মাসে চকরিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে অস্ত্র, মাদক পাচারকারী, ডাকাত ও খুনের মামলার আসামিসহ ২২৯ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। তন্মধ্যে পেশাদার ডাকাত ৬ জন, খুনের মামলার ৩ জন, ২১ জন চোর, ১১ জন মাদক কারবারি, ২০ জন পুরাতন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি ২৩ জন, বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জন আসামি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১১৪ জন আসামি রয়েছে। তার পাশাপাশি অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় তৈরি এলজি, একনলা বন্দুকসহ বিপুল পরিমাণ মাদক।
তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি এলাকার সাধারণ মানুষের সহায়তা কামনা করেন।



