নারায়ণগঞ্জে চরমোনাই পীর

প্রশাসনের ব্যর্থতায় বুলবুলকে জীবন দিতে হয়েছে

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলের শাহী মসজিদ ঠাকুরবাড়ি এলাকার বাড়িতে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

বন্দর (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Narayanganj
সন্ত্রাসী হামলায় নিহত বুলবুলের কবর জিয়ারত করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম
সন্ত্রাসী হামলায় নিহত বুলবুলের কবর জিয়ারত করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম |নয়া দিগন্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘প্রশাসনের ব্যর্থতার কারণেই জাহিদ হাসান বুলবুলকে প্রাণ হারাতে হয়েছে। বুলবুল হত্যার বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। সরকার যদি এ হত্যাকাণ্ডের বিচার করতে ব্যর্থ হয়, তবে তারা কীভাবে গদিতে থাকে দেশের জনগণ তা দেখে নেবে।’

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী হামলায় নিহত ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুলের শাহী মসজিদ ঠাকুরবাড়ি এলাকার বাড়িতে শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে নিহত জাহিদ হাসান বুলবুল ইসলামী যুব আন্দোলনের বন্দর থানা শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আর কোনো সন্তান যেন এতিম না হয়। আর কোনো বোন যেন বিধবা না হয় এবং কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। অবিলম্বে এ হত্যার সাথে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

পরে চরমোনাই পীর নিহত বুলবুলের পরিবারের সদস্যদের কাছে দুই লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।

ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মুহাম্মদ দীন ইসলাম, সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মোহাম্মদ নূর হোসেন, ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদ ও আমানুল্লাহসহ জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের বন্দর থানার সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

নিহত জাহিদ হাসান বুলবুল ২২ নম্বর ওয়ার্ড বন্দরের শাহী মসজিদ ঠাকুরবাড়ী এলাকার মরহুম রাজা মাস্টারের ছেলে।

বুধবার চাষাঢ়া শহীদ মিনার এলাকায় বুলবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে বলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়।