সখীপুরে উপ-সচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

মুহাম্মদুল্লাহ, সখীপুর (টাঙ্গাইল)

Location :

Sakhipur
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সখীপুরে উপসচিবের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ |নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের হরিণ প্রতীকের প্রধান নির্বাচনী অ্যাজেন্ট ফজলুল হক বাচ্চু এ অভিযোগ করেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তিনি সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: আবদুল্লাহ আল রনীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগপত্রে বলা হয়, সরকারি দায়িত্বে থাকা সত্ত্বেও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন গত ২২ জানুয়ারি থেকে টাঙ্গাইল–৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে ভোট প্রার্থনা করে আসছেন। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি সখীপুর উপজেলার হতেয়া উত্তরপাড়া এলাকায় আবদুর রশিদের বাড়িতে আয়োজিত ওরস মাহফিলে মাইকে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চান তিনি। যা নির্বাচন কমিশনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অভিযোগে।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি। অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।’

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: আবদুল্লাহ আল রনী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তা পর্যালোচনা করে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।