সাদা পাথর লুটপাটে সিলেট জামায়াতের নিন্দা

লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা। একইসাথে বৈধ পদ্ধতিতে পাথর কোয়ারি সরকারি ব্যবস্থাপনায় খুলে দেয়ার দাবি করেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটের অন্যতম পর্যটন স্পট কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা থেকে পাথর লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। এ সময় লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা। একইসাথে বৈধ পদ্ধতিতে পাথর কোয়ারি সরকারি ব্যবস্থাপনায় খুলে দেয়ার দাবি করেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা নায়েবে অধ্যক্ষ আব্দুল হান্নান ও আমির হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর সেক্রেটারি মো: শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো: জয়নাল আবেদীন এসব কথা বলেন।

তারা বলেন, সাদা পাথর সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় পর্যটন স্পট। এর সাথে সিলেট তথা দেশের পর্যটন শিল্পের স্বার্থ জড়িত রয়েছে। জামায়াত সর্বাবস্থায় দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু কতিপয় পাথরখেকো চক্র সাদা পাথর লুটপাটের মাধ্যমে পর্যটন শিল্পকে ধ্বংস করেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ হয়েছে, প্রশাসনের নিস্ক্রিয়তায় সাদা পাথর লুটপাটের মহোৎসব চলছে, যা খুবই উদ্বেগজনক ও দুঃখজনক। পর্যটন শিল্প ধ্বংসকারী পাথর লুটপাটের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং লুণ্ঠিত পাথর উদ্ধার করে স্বস্থানে পুনঃস্থাপন করতে হবে।

তারা আরো বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বিভিন্ন কর্মসূচিতে দেয়া জামায়াত নেতাদের বক্তব্যকে কাটছাঁট করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। যা মূলত পাথর লুটের মূল ঘটনাকে আড়ালের অপচেষ্টা বলে আমরা মনে করি। এ ব্যাপারে সচেতন নাগরিকবৃন্দকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি এবং পাথর লুটে জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।