চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে বুধবার (৯ জুলাই) দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সূচনায় দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশপাশের বিভিন্ন স্কুলের ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা রাস্তার পাশে জড়ো হয়। করমর্দনের উদ্দেশে তারা এগিয়ে এলে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাদের থামিয়ে দেন।
সারজিস তাদের বলেন, ‘তোমাদের এখন স্কুলে থাকার কথা। ক্লাস ফেলে এখানে চলে আসা একেবারেই ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না।’
তাৎক্ষণিক আবেগঘন ভঙ্গিতে তিনি বলেন, ‘তোমাদের ভালোবাসা দেখে সত্যিই হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি- জীবন দিয়েও যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আমাদের থেকেও বড় হও। গর্ব করার মতো কিছু করো তোমরা।’
সারজিস আলমের এই কথা শুনে সেখানে উপস্থিত অনেকে বলছেন, রাজনৈতিক ব্যক্তিদের মুখে এমন স্নেহভরা ও সচেতন বার্তা এখন খুব কমই শোনা যায়।
এদিন হাটবোয়ালিয়ায় নেতা-কর্মীদের সাথে গাড়িতে বসেই সংক্ষিপ্ত মতবিনিময়ের মাধ্যমে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এতে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব সাফফাতুল ইসলাম এবং চুয়াডাঙ্গার জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
হাটবোয়ালিয়া থেকে পদযাত্রা রওনা হয়ে আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা ও জীবননগরেও অনুষ্ঠিত হবে পথসভা ও জনসভা।



