লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ২

ভোর রাত প্রায় ৩টার দিকে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দু’জনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে তারা গুরুতর আহত হন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Louhajang
গণপিটুনিতে নিহত দু’জন
গণপিটুনিতে নিহত দু’জন |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের লৌহজংয়ের গোয়ালিমান্দ্রা এলাকায় চোর সন্দেহে জনতার গণপিটুনিতে দু’জন নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) ভোররাত ৩টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হচ্ছেন— হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর মো: শহিদুলের ছেলে ছানারুল (৩০) ও ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩২)।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ভোর রাত প্রায় ৩টার দিকে সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দু’জনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের মারধর করলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে লৌহজং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় স্থানীয় লোকজন ও থানা পুলিশ সকালে আহত দু’জনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সকালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

থানা পুলিশ ও স্থানীয়দের সূত্রে আরো জানা গেছে, দুই সপ্তাহ আগে একই ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ওই দু’জন জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। ভোরে কমিউনিটি ক্লিনিকে চুরি করতে গেলে তাদের হাতেনাতে ধরা হয় বলে দাবি স্থানীয়দের।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে গোয়ালিমান্দ্রা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।