বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, সিলেট জেলার আমির ও সিলেট-১ (মহানগর-সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘দেশে সর্বত্র দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা যদি ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন তাহলে আমার দুয়ার ২৪ ঘণ্টা আপনাদের জন্য খোলা থাকবে। কারণ আমরা শাসক হতে আসিনি, আপনাদের খাদেম হতে এসেছি।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আপনার পবিত্র আমানত ভোটটি ‘দাঁড়িপাল্লা’ মার্কায় দিয়ে আমাদের বিজয়ী করুন। আমরা সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ।’
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর পিডিবি পয়েন্টে গণসংযোগ চলাকালে এসব কথা বলেন তিনি। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ গণসংযোগে উপস্থিত ছিলেন।
মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের বাক স্বাধীনতা হরণ করেছিল। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই স্বাধীনতাকে যাতে কেউ নিতে না পারে, যাতে দেশে আর ফ্যাসিবাদ কায়েম না হয় এ ব্যাপারে দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিতে হবে। আমরা বিজয়ী হলে এই জনপদের মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।’
এ সময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মহানগর জামায়াতের ব্যবসায়ী ফোরামের সভাপতি নূরে আলম, কোতোয়ালি পশ্চিম থানার সেক্রেটারি পারভেজ আহমদ, মহানগর শিবিরের সাহিত্য সম্পাদক নাঈম হোসাইন, অর্থ সম্পাদক এ টি এম ফাহিম, ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি দেওয়ান আজকীর আলী, সাবেক সভাপতি হাফিজ মকছুদুল করীম, ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি মো: ফয়জুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি হাফিজ আব্দুল আলী, ১০ নম্বর ওয়ার্ড সেক্রেটারি ইঞ্জিনিয়ার ওলিউল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ সভাপতি জিল্লুল হক ও জামায়াত নেতা ইফতেখার আহমদ প্রমুখ।



