টিকটক ভিডিও বানাচ্ছিলেন যুবক, ট্রেনে কাটা পড়ে দুই পা ও হাত বিচ্ছিন্ন

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মোরশেদকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Chattogram
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় |নয়া দিগন্ত

চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে রেললাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও তৈরি করতে গিয়ে মালবাহী ওয়াগনের চাকায় কাটা পড়ে মোরশেদ আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার দুই পা ও এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়েছে।

গুরুতর আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা ইসহাক মাস্টারের ছেলে বলে জানা গেছে।

জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মোরশেদকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রাতে যোগাযোগ করা হলে চট্টগ্রাম জিআরপি থানার পুলিশ পরিদর্শক মীর মো: নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার স্থানীয় প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, মোরশেদ আলম স্ত্রীসহ দোহাজারী রেলস্টেশন বেড়াতে যান। তবে তিনি টিকটক ভিডিও করছিলেন কি-না তা জানতে পারেননি।

তিনি আরো জানান, আহত মোরশেদ রেললাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার পেছন দিক থেকে পিকিং পাওয়ার প্লান্টের জন্য আসছিল তেলবাহী ওয়াগন। ট্রেনটির ইঞ্জিন পেছনে থাকায় ট্রেনের হর্ন শুনতে পাননি মোরশেদ।